বিনোদন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত এই অভিনেতার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। পরিবার এবং সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম ও সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইন্টারনেট দুনিয়ায় একটি কুচক্রী মহল এই কিংবদন্তি অভিনেতার প্রয়াণের গুজব ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার পরিবার, ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়। তবে পারিবারিক সূত্র জানিয়েছে, এই ধরনের সংবাদের কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।
প্রিয় নেতার এমন মিথ্যা ও বানোয়াট মৃত্যুসংবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, একটি দায়িত্বশীল সমাজে এ ধরনের অপপ্রচার অত্যন্ত অমানবিক ও নিন্দনীয়। নিসচার কেন্দ্রীয় কমিটিসহ সারা দেশের প্রায় একশ বিশটি শাখার নেতা-কর্মীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে, স্পর্শকাতর বিষয় নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
দায়িত্বশীল মহল মনে করছে, সংবাদ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং সত্যতা যাচাই করা জরুরি। বিশেষ করে কোনো ব্যক্তির অসুস্থতা বা জীবনমৃত্যুর মতো সংবেদনশীল বিষয় নিয়ে গুজব রটানো সাংবাদিকতার নীতি এবং নৈতিকতার চরম লঙ্ঘন। যাচাই-বাছাই না করে এমন তথ্য ছড়িয়ে পড়ায় শুধু সংশ্লিষ্ট ব্যক্তিন বা তার পরিবারই নন, বরং পুরো ভক্ত সমাজ মানসিক বিপর্যয়ের মুখে পড়ে।
উল্লেখ্য, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সময় ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত বছরের এপ্রিল মাসে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্যে যান। একই বছরের আগস্ট মাসে তার মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে চিকিৎসকরা জানান যে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি এবং তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের নিদের্শনা অনুযায়ী বর্তমানে লন্ডনে তার কেমোথেরাপি ও ওরাল থেরাপি নিয়মিতভাবে চলমান রয়েছে। চলচ্চিত্র অঙ্গনের অন্যতম জনপ্রিয় এই ব্যক্তিত্বের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও সহকর্মীরা।


