ভাঙ্গায় পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের

ভাঙ্গায় পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের

জেলা প্রতিনিধি
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এলাকার সার্বিক উন্নয়ন ও ভাবমূর্তি সুরক্ষায় বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতার কোনো বিকল্প নেই।
গত শুক্রবার রাতে ভাঙ্গা উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিজ কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রাত আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলা এই সভায় এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং গণমাধ্যম ব্যবস্থার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানদণ্ড এবং সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সংসদ সদস্য বলেন, সাংবাদিকতার পেশার সঙ্গে রাজনৈতিক দলের প্রত্যক্ষ সম্পৃক্ততা পেশাগত সততা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যনিষ্ঠা বজায় রাখার পাশাপাশি এলাকার ইতিবাচক অর্জনগুলো তুলে ধরতে হবে, যা একটি অঞ্চলের সামগ্রিক ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ দমনের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি জানান, তার নির্বাচনি এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা জুয়ার আসরের সঙ্গে কোনো ব্যক্তি জড়িত থাকলে বা কেউ তাদের পৃষ্ঠপোষকতা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে দলীয় পরিচয় বা ঘনিষ্ঠতা বিবেচনায় নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য দিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, পরিচয় গোপন রেখে প্রাপ্ত অভিযোগগুলো কঠোরভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় এলাকার সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে জানানো হয়, গত ছয় মাসে ভাঙ্গা উপজেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন কাজ দৃশ্যমান হয়েছে। এর মধ্যে প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্রসহ নতুন ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৪০টি নতুন সড়কের নির্মাণকাজ চলছে এবং আরও ৪৩টি সড়কের সংস্কার ও নতুন নির্মাণের কাজ ইতোমধ্যে অনুমোদিত হয়েছে।
এছাড়া এলাকার দীর্ঘদিনের জনস্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান সংসদ সদস্য। এর মধ্যে ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সড়ক দুর্ঘটনাপ্রবণ এই অঞ্চলে আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা বাড়াতে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে উন্নীত করে ১০০ শয্যায় রূপান্তর করা হয়েছে। এর পাশাপাশি সদরপুর উপজেলায় নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ চলমান রয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন প্রতিবন্ধকতা ও এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সাংবাদিকদের পেশাগত পরিবেশ উন্নত করতে এবং দাপ্তরিক কাজের সুবিধার্থে ভাঙ্গায় একটি আধুনিক প্রেসক্লাব ভবন নির্মাণে প্রয়োজনীয় জমি বরাদ্দ ও সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
শীর্ষ সংবাদ সারাদেশ