খেলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব: শাহরিয়ার নাফীসের নতুন বই ‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’ প্রকাশিত

খেলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব: শাহরিয়ার নাফীসের নতুন বই ‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’ প্রকাশিত

খেলাধুলা ডেস্ক
খেলাধুলার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয়তা ও উভয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরে নতুন বই প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস। শনিবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’ শীর্ষক এই বইটির মোড়ক উন্মোচন করা হয়। যৌথভাবে বই লিখেছেন শাহরিয়ার নাফীস ও এইচ এম আতিফ ওয়াফিক।
প্রায় চার বছর ধরে তথ্য সংগ্রহ ও গবেষণার পর প্রকাশিত এই বইটিতে মূলত খেলাধুলা এবং পড়াশোনার সমন্বয় সাধনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বইটিতে স্থান পেয়েছে ৩৫ জন অ্যাথলেটের বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প। এর মধ্যে এমন অনেক ক্রীড়াবিদ রয়েছেন, যারা অত্যন্ত সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেননি, তবে পড়াশোনা তাদের জীবনে বিকল্প ও নিরাপদ পথ তৈরি করে দিয়েছে। এছাড়া দেশ ও বিদেশের খ্যাতিমান ক্রীড়াবিদ, কোচ ও শিক্ষাবিদদের সাক্ষাৎকার এবং মতামতও বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড এবং বিশ্বকাপজয়ী কোচ স্টুয়ার্ট লয়ের মতো পরিচিত ব্যক্তিত্বদের অভিজ্ঞতাও এতে স্থান পেয়েছে।
বই প্রকাশনা অনুষ্ঠানে নিজের শৈশব ও কৈশোরের স্মৃতিচারণ করে শাহরিয়ার নাফীস জানান, তার পরিবার খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপর সবসময় কড়া নজর রাখত। জাতীয় দলের অধিনায়ক হওয়ার পরও বাবা-মায়ের কাছ থেকে পড়াশোনার তাগিদ পেতেন তিনি। তার মতে, বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় ক্রীড়া খাত এখনো এমন অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়ায়নি যেখানে ক্যারিয়ারের একমাত্র নির্ভরতা হতে পারে খেলাধুলা। এই বাস্তবতার কারণেই তরুণ অ্যাথলেটদের জন্য শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
নাফীস উল্লেখ করেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা বা বড় কোনো ডিগ্রি অর্জনই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নয়, বরং পড়াশোনা মানুষের চিন্তা করার পরিধি বাড়ায় এবং যেকোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। অভিভাবকদের উদ্দেশে তিনি সন্তানকে খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান, একই সঙ্গে তরুণ খেলোয়াড়দের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তার মতে, পড়াশোনা মানুষের সামগ্রিক পারফরম্যান্সের উন্নতি ঘটাতেও সাহায্য করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের ক্রীড়াবিদদের জন্য খেলা ও পড়ার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। শাহরিয়ার নাফীস ও এইচ এম আতিফ ওয়াফিকের এই যৌথ প্রয়াস তরুণ খেলোয়াড়, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
খেলাধূলা শীর্ষ সংবাদ