রাজনীতি ডেস্ক
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেশের প্রতিটি স্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী ও দলটির নীতিনির্ধারক পর্যায়ের নেতারা। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ কথা বলেন। রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল হওয়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলের একাধিক উদীয়মান ও যোগ্য নেতা প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করা স্বাভাবিক। তবে দলের বৃহত্তর স্বার্থে এবং স্থানীয় পর্যায়ে শক্তি সংহত করতে দলের পক্ষ থেকে যথাযথ যাচাই-বাছাই ও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে প্রতিটি পদে মাত্র একজন প্রার্থী চূড়ান্ত করা হবে। এর ব্যত্যয় ঘটিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা। এছাড়া রাজশাহী জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রাজশাহী মহানগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করার কর্মসূচি রয়েছে। নগরীর বাটার মোড় থেকে শুরু হয়ে র্যালিটি মালোপাড়া মণি চত্বর ও জিরো পয়েন্ট প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় সরকারের আগামী দিনের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।


