রাজনীতি ডেস্ক
জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে এই সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এই সংক্রান্ত প্রস্তাব উত্থাপন ও গৃহীত হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বুধবারের সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন। পরবর্তীতে কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হলে গয়েশ্বর চন্দ্র রায়কে এই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি হিসেবে চূড়ান্ত করা হয়। এর মাধ্যমে তিনি কৃষি খাতের নীতিগত উন্নয়ন, তদারকি এবং সংসদীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করলেন।
পুনর্গঠিত এই সংসদীয় কমিটিতে আরও বেশ কয়েকজন সংসদ সদস্যকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সংরক্ষিত মহিলা আসন-১৪ এর সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এবং বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসন থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে তার এই নতুন দায়িত্ব দেশের কৃষি খাতের সার্বিক উন্নয়ন, কৃষিসংশ্লিষ্ট আইনকানুন ও নীতিমালা প্রণয়ন এবং মাঠপর্যায়ে সেগুলোর বাস্তবায়ন তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের নায্যমূল্য প্রাপ্তি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের ক্ষেত্রে সংসদীয় এই কমিটি নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর অবদান রাখতে পারে।
উল্লেখ্য, সংসদীয় গণতন্ত্রে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য এ ধরনের সংসদীয় স্থায়ী কমিটিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বাজেট বরাদ্দ ও তার সঠিক ব্যবহার এবং বিভিন্ন অনিয়ম বা প্রতিবন্ধকতা দূর করতে এই কমিটিগুলো সরাসরি তদারকি করে থাকে। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন এই নেতৃত্বে কৃষি খাতের চলমান কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


