সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীতে শুভেচ্ছা: দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাইকে বাংলাদেশি হিসেবে দেখতে হবে: প্রধানমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীতে শুভেচ্ছা: দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাইকে বাংলাদেশি হিসেবে দেখতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়—সবাইকে সমান মর্যাদায় বাংলাদেশি হিসেবে ভাবতে হবে। ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্রের কাছে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার রয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ সময় বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নানা ধরনের গুজব ছড়াচ্ছে বলে সতর্ক করেন তিনি। এ বিষয়ে দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিককে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন সরকারপ্রধান।
গণঅভুত্থান ও দেশ পুনর্গঠনের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের মৌলিক অধিকার হরণ করে দীর্ঘদিন ধরে একটি নিষ্ঠুর শাসনব্যবস্থা এ দেশের মানুষের ওপর চেপে বসেছিল। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান ও হাজারো শহীদের প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে এ দেশের জনগণ। এখন দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করা, সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নতির মাধ্যমে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ পুনর্গঠনের সময় এসেছে।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাধু, সন্ত এবং ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর অংশ হিসেবে তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে সন্মানী ভাতা তুলে দেন। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সারা দেশের ৬৪টি জেলার আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতের ব্যাংক অ্যাকাউন্টে এই সম্মানী ভাতা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া উদ্বোধন করেন। জন্মাষ্টমী উদযাপনের এই অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সনাতন ধর্মের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
জাতীয় শীর্ষ সংবাদ