চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা জামায়াত আমিরের

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা জামায়াত আমিরের

রাজনীতি ডেস্ক
জনগণ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মাটিতে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বরদাস্ত করা হবে না। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৮ কোটি মানুষের মৌলিক অধিকার আদায় এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই লং মার্চ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান শীর্ষ এই রাজনৈতিক নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দুর্নীতিবাজদের সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। গ্যাস, পানি ও বিদ্যুতের মতো অতিপ্রয়োজনীয় সেবার চরম সংকট বিরাজ করছে, অথচ গ্রাহকদের নিয়মিত অতিরিক্ত ও ভূতুড়ে বিল পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার ও নায্য পাওনা লুণ্ঠিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
লং মার্চের এই রাজনৈতিক কর্মসূচির গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিগোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের নায্য অধিকার নিশ্চিত করার পক্ষেই এই আন্দোলন পরিচালিত হচ্ছে। জনগণের নায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন এবং জাতীয় সংসদে লড়াই সমানতালে অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন।
সমাবেশে সাম্প্রতিক একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, জনদুর্ভোগের প্রতিবাদ করায় সিফাত নামের এক তরুণকে গ্রেপ্তার করে হেনস্তা করা হয়েছে। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, শুধু একক কোনো ব্যক্তির বক্তব্য নয়, বরং সামগ্রিক অব্যবস্থাপনার বিরুদ্ধে আজ গোটা দেশের তরুণ সমাজ ফুসে উঠেছে। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন দমানো যাবে না।
উদ্বোধনী সমাবেশ শেষে ১১-দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ শুরু হয়। পথিমধ্যে বিভিন্ন জনবহুল পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা ও গণসংযোগের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
রাজনীতি শীর্ষ সংবাদ