জাতীয় ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের নেতাকর্মীদের প্রতি বৃক্ষরোপণ, খাল খনন, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং দলের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বিকেল পৌনে চারটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন এবং দলের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বক্তব্যের শুরুতে তারেক রহমান পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের ওপর জোর দেন। তিনি জানান, সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের এই জাতীয় কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
দ্বিতীয়ত, গ্রামীণ জনপদের পানি নিষ্কাশন ও কৃষি সেচ সুবিধা বাড়াতে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করতে চায়। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এলাকার খাল খনন কার্যক্রমে গর্বের সঙ্গে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
তৃতীয়ত, দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় কমিটিগুলোকে সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে।
চতুর্থত, দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার নির্দেশ দিয়ে তিনি সতর্ক করেন যে, কোনো অবস্থাতেই দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কষ্টের কারণ হতে পারে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দিবসটি উদযাপনে দলটি পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি গ্রহণ করেছে, যার অংশ হিসেবে এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।


