জাতীয় ডেস্ক
দেশের চলমান সংকট ও বিভিন্ন সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তা দমনে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বিকালে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিকাল পৌনে চারটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়।
সরকারের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বর্তমান সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতন্ত্রের ধারা সমুন্নত রাখতে এবং গণতান্ত্রিক নীতি-নৈতিকতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত স্বৈরাচার আমল ও অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিভিন্ন সমস্যা সমাধানে বর্তমান প্রশাসন কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি স্বীকার করেন যে বিভিন্ন ক্ষেত্রে এখনো সমস্যা রয়েছে, তবে সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা তৈরি করার অপচেষ্টা চলছে।
নির্বাচিত সরকার হিসেবে জনগণের মৌলিক অধিকার রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে জানান সরকারপ্রধান। তিনি বলেন, অরাজকতা নিয়ন্ত্রণের রূপরেখা দেশের আইনেই স্পষ্টভাবে নির্ধারিত রয়েছে। তাই নির্বাচিত সরকারের দায়িত্বশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে নিজ সীমার মধ্যে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বিএনপির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সংকটকালীন মুহূর্তে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পরিস্থিতি উত্তরণে সচেষ্ট ছিল এবং দেশকে সংকট থেকে বের করে আনতে কার্যকর ভূমিকা পালন করেছে। বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় শিল্পকারখানার মালিকসহ যেসব সাধারণ মানুষ বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে দুর্পোগ পোহাচ্ছেন, তাদের প্রতি দলের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করেন তিনি। দেশের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সুরক্ষায় বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।


