যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ‘ইরানের হাত’ দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

মার্কিন বাহিনীর ব্যবহার করা যুক্তরাজ্যের ‘আরএএফ ফেয়ারফোর্ড’ বিমানঘাঁটির কাছে গত রোববার সন্ত্রাসী তৎপরতার প্রস্তুতির সন্দেহে ৫ জন গ্রেপ্তার হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ইরানে হামলা চালাতে মার্কিন বাহিনীর ব্যবহার করা যুক্তরাজ্যের ‘আরএএফ ফেয়ারফোর্ড’ বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী তৎপরতার প্রস্তুতির সন্দেহে পাঁচজন গ্রেপ্তার হওয়ার ঘটনার পেছনে ইরান জড়িত ছিল বলেই বিশ্বাস করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি-কে তিনি বলেন, “সাপ্তাহিক ছুটিতে ফেয়ারফোর্ড ঘাঁটিতে যা ঘটেছে, তাতে ইরানের হাত থাকার জোরালো ইঙ্গিত পাওয়া গেছে।” তবে চলমান তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সোশ্যাল মিডিয়া বার্তায় খোঁচা দিয়ে লেখেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী “ভুল ঠিকানায় তীর ছুড়ছেন”।

তিনি আরও লেখেন, “বিদেশি রাষ্ট্রের হয়ে কাজ করা তথাকথিত সন্ত্রাসীদের জামিনে ছেড়ে দেওয়াটাই প্রমাণ করে যে, যুক্তরাজ্যের অভিযোগ কতটা ভিত্তিহীন।”

এর আগে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাসও বিমানঘাঁটির ঘটনায় তেহরানকে জড়ানোর অভিযোগকে “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাজানো গল্প” বলে উড়িয়ে দেয়।

গত রোববার পশ্চিম ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছ থেকে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। তারা সবাই লন্ডনের বাসিন্দা। বয়স ২০ এর কোঠায়। সোমবার তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়।

জামিন নিয়ে ট্রাম্পের আপত্তি ও লন্ডনের সাফাই

আটক যুবকদের চারজন লন্ডনের ওয়েস্টমিনস্টার এবং একজন ক্যামডেনের বাসিন্দা। ইতোমধ্যে তাদের বাসভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশি কৌশলের অংশ হিসেবে তাদেরকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেওয়া হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিষয়টির তীব্র সমালোচনা করেন। হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, “আমি হলে তাদের কোনোভাবেই জামিন দিতাম না। পুলিশ কীভাবে তাদেরকে ছেড়ে দিল, ভেবে অবাক হচ্ছি।”

ট্রাম্পের এই আপত্তির মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নাম জানান, কড়া নজরদারিতে রাখা আসামিরা বাইরে থেকে দেখে মানুষ যতটা ভাবছে, ততটা মুক্ত নন। পুরো বিষয়টি নিরাপত্তাবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশও জানিয়েছে, তদন্তের কৌশল ও পূর্ব অভিজ্ঞতার আলোকেই তাদের জামিনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্ফোরক না পাওয়া ও জরুরি ৯৯৯ নম্বর কল

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, ঘাঁটির এই চক্রান্তে স্পষ্টতই কোনও বিদেশি শক্তির কলকাঠি নাড়ানোর প্রমাণ মিলছে। বিশ্বজুড়ে যারা মার্কিন স্বার্থে আঘাত হানার প্রকাশ্য হুমকি দিচ্ছে, ইরান তাদের অন্যতম বলেও স্মরণ করিয়ে দেন তিনি।

তবে যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, তল্লাশি করা ভ্যানগুলোতে শুধুই জ্বালানি তেল (পেট্রল) মিললেও কোনও বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। এমনকি অভিযানের আগে গ্রেপ্তার হওয়া যুবকদের একজন নিজেই পুলিশি সহায়তা চেয়ে জরুরি ৯৯৯ নম্বরে কল করেছিল।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী বহু দশক ধরেই ফেয়ারফোর্ড ঘাঁটিকে তাদের ‘অগ্রবর্তী ঘাঁটি’ (ফরওয়ার্ড অপারেটিং বেস) হিসেবে ব্যবহার করে আসছে। সম্প্রতি যুক্তরাজ্যের অনুমতি নিয়ে পশ্চিম এশিয়ায় ইরানে হামলার জন্য মার্কিন বোমারু বিমানগুলো এই ঘাঁটি থেকেই উড্ডয়ন করে।

এর জবাবে গত জুলাইয়ে ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, তাদের ভূখণ্ডে হামলা চালাতে যে সামরিক ঘাঁটিই ব্যবহার করা হবে, সেটিকেই তারা ‘বৈধ সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য করবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, ফেয়ারফোর্ড পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে লন্ডন এবং তদন্ত এগোলে শিগগিরই বিস্তারিত প্রকাশ করা হবে।

ভাঙচুর, দখল: ভাবমূর্তি ও জনআস্থার সংকট

৪৭-এর পাকিস্তানপ্রত্যাখ্যান ও ৭১-এর বাংলাদেশবিরোধিতা: জামায়াতের রাজনৈতিক স্ববিরোধ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: শুধু সুদের হার নয়, প্রয়োজন সমন্বিত নীতি

জাতীয়