প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ

সাক্ষাতে তারেক রহমান বাংলাদেশে নতুন বিনিয়োগের বিষয়ে কোম্পানিটির আগ্রহের কথা জানতে চান, বলেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সচিবালয়ে কোম্পানির চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে এ সাক্ষাৎ হয় বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক জানিয়েছেন।

তিনি বলেন, “সাক্ষাতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিকস খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

“চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে সই হওয়া ১৫ বছরের চুক্তি নিয়েও সাক্ষাতে আলোচনা হয়েছে।”

সহকারী প্রেস সচিব জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ‘ফ্রি ট্রেড জোন’ ও রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো স্থাপনে এবং বাংলাদেশে নতুন বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের আগ্রহের কথা জানতে চান।

এ সময় প্রতিনিধিদল এসব খাতে সহযোগিতা ও বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতের সময় অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

বিভিন্ন পক্ষের আপত্তির মধ্যেই এদিন নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হয়।

ইনভেস্ট বাংলাদেশ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এনসিটির জমি, অবকাঠামো, মালিকানা ও নিয়ন্ত্রণ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে রেখে দুবাই সরকারের মালিকানাধীন আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছর মেয়াদে টার্মিনালের ‘পরিচালনা ও ব্যবস্থাপনার’ দায়িত্ব দেওয়া হয়েছে।

চুক্তির শুরুতে প্রায় ৬০০ কোটি টাকার অগ্রিম ফি এবং প্রথম ১০ বছরে আধুনিকায়ন, যন্ত্রপাতি ও প্রযুক্তিতে ১ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের অঙ্গীকার রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব ভাগ ও নির্ধারিত বার্ষিক ফি পাবে।

কেপিআই, নিয়মিত প্রতিবেদন ও লক্ষ্যমাত্রা পূরণ না হলে আর্থিক জরিমানার ব্যবস্থা থাকবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মনিটরিং, নিরীক্ষা ও নির্ধারিত প্রতিবেদনের মাধ্যমে তদারকি অব্যাহত রাখবে।

জাতীয়