বিএনপির সংসদীয় দলের জরুরি সভা কাল, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি

সংসদের পরবর্তী অধিবেশনের সময় নির্ধারিত না হলেও রোববার (১১ অক্টোবর) সংসদীয় দলের সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ, বিরোধী দলে লং মার্চসহ অন্যান্য কর্মকান্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন, বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হতে পারে। পাশাপাশি সংসদ সদস্যদের করণীয় নিয়েও দিকনির্দেশনা দেওয়া হবে।

জাতীয় সংসদে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি টিবিএসকে বলেন, 'মূলত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।'

তিনি বলেন, 'বিশেষকরে বিএনপির একজন সংসদ সদস্য পদত্যাগ করেছেন। কেনো তিনি পদত্যাগ করেছে এই ম্যাসেজটি সংসদ সদস্যসহ সবাইকে দেওয়া হবে। এছাড়া জামায়াতে ইসলামী দুটো লংমার্চ করেছে। বিএনপি মনে করে এই লংমার্চের কোনো যৌক্তিকতা নেই। এখন জামায়াতে ইসলামী নাকি রেমিট্যান্স শাট ডাউন করবে এসব আলোচনা আসছে বিভিন্ন পর্যায় থেকে। এ বিষয়ে সংসদীয় দলের অবস্থান ঠিক করাও এই বৈঠকের লক্ষ্য।'

বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, 'দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু আরও উন্নতি দরকার। দেশব্যাপি এ বিষয়ে কার্যক্রম নেওয়া হচ্ছে। সংসদ সদস্যদের কার কী ভুমিকা হবে সে বিষয়ে মিটিংয়ে আলোচনা হবে। এছাড়া আসন্ন দূর্গাপূজার সময় দেশব্যাপি শান্তি-শৃংখলা বজায় রাখতে সংসদ সদস্যদের ভুমিকা নিয়েও আলোচনা হবে।'

বিএনপির সংসদীয় দলের নিয়মিত বৈঠকের বাইরে এই সভা ডাকার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলের একাধিক দায়িত্বশীল নেতা। তাদের মতে, সরকার পরিচালনার পাশাপাশি দলের নেতা-কর্মীদের শৃঙ্খলা নিশ্চিত করা এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সংসদ সদস্যদের অবস্থান ও করণীয় স্পষ্ট করার প্রয়োজন রয়েছে।

সম্প্রতি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ বিএনপির জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর সর্বশেষ আলোচিত ঘটনা রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডায় হামলা ও ভাঙচুর। এ ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি) পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তাধীন।

ঘটনার পর ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিনটি কমিটি বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ১৪ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে দলটি। দলীয় পরিচয় ব্যবহার করে অনিয়ম ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংসদীয় দলের সভায় গুরুত্ব পেতে পারে।

সংবিধান সংশোধন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টিও সরকারের সামনে গুরুত্বপূর্ণ এজেন্ডা। এ নিয়ে জাতীয় সংসদের বিশেষ কমিটি কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ গত ২০ সেপ্টেম্বর জানিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করে সংসদে প্রতিবেদন দেওয়ার লক্ষ্য রয়েছে।

সংবিধান সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন, সংসদে বিরোধী দলের ভূমিকা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিয়ে রাজনৈতিক সমঝোতার বিষয়গুলোতে সংসদ সদস্যদের অবস্থান ও করণীয় নিয়েও আলোচনা হতে পারে।

এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য সাংগঠনিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। জাতীয় নির্বাচনের পর স্থানীয় পর্যায়ে প্রার্থী বাছাই, তৃণমূলের প্রত্যাশা ও ক্ষোভ সামলানো এবং সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় নির্দেশনা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা।

ক্ষমতায় আসার পর সরকার পরিচালনার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখা, কমিটি পুনর্গঠন এবং নেতা-কর্মীদের শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়গুলোও বৈঠকে আলোচনায় আসতে পারে।

সাধারণত সংসদের অধিবেশন শুরুর এক-দুই দিন আগে বা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। তবে এবার পরবর্তী অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার আগেই সভা ডাকা হয়েছে। আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে পারে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

জাতীয়