হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়, তৃতীয় সংশোধিত) প্রকল্পের মূল নির্মাণকাজ ও পরামর্শক সেবার চুক্তিতে ব্যয় বৃদ্ধির (ভ্যারিয়েশন) প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে দুটি খাতে অতিরিক্ত ব্যয় হবে মোট ৭৬৫ কোটি ৬৫ লাখ ২২ হাজার ২৫ টাকা।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উত্থাপিত দুটি প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মূল নির্মাণকাজে ব্যয় বাড়ছে ৩৬০ কোটি টাকা
নথি অনুযায়ী, প্রকল্পের মূল নির্মাণকাজের চুক্তিমূল্য ছিল ২০ হাজার ৫৯৮ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ৬৯৯ টাকা। এ চুক্তিতে অতিরিক্ত ৩৬০ কোটি ৬৫ লাখ ২২ হাজার ২৫ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
ফলে নির্মাণকাজের সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ২০ হাজার ৯৫৯ কোটি ৩০ লাখ ৬ হাজার ৭২৪ টাকা, যা মূল চুক্তিমূল্যের তুলনায় ১ দশমিক ৭৫ শতাংশ বেশি।
প্রকল্পটির মূল নির্মাণকাজ বাস্তবায়ন করছে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)। জাপানের মিতসুবিশি করপোরেশন ও ফুজিটা করপোরেশন এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং সিঅ্যান্ডটির যৌথ উদ্যোগে এ কনসোর্টিয়াম গঠিত।
পরামর্শক সেবায় ব্যয় বাড়ছে ৪০৫ কোটি টাকা
অন্যদিকে, প্রকল্পের পরামর্শক সেবার মূল চুক্তিমূল্য ছিল ৭৭১ কোটি ৭১ লাখ ৯৭ হাজার ৪৫৭ টাকা। এ খাতে অতিরিক্ত ৪০৫ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
ফলে পরামর্শক সেবার সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১৭৬ কোটি ৭১ লাখ ৯৭ হাজার ৪৫৭ টাকা, যা মূল চুক্তিমূল্যের তুলনায় প্রায় ৫২ দশমিক ৫ শতাংশ বেশি।
প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করছে এনওসিডি জেভি। জাপানের নিপ্পন কোই ও ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল, সিঙ্গাপুরের সিপিজি কনসালট্যান্টস এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেডের যৌথ উদ্যোগে এ প্রতিষ্ঠান গঠিত।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

