কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ, শ্রমিক বিক্ষোভে ১২ কারখানা ছুটি

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।

এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শ্রমিক বিক্ষোভের কারণে মৌচাক, সফিপুর ও কোনাবাড়ী এলাকার অন্তত ১২টি কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কালিয়াকৈরের এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় আশেপাশের কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন।

পুলিশ জানায়, এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকেরা কারখানার সামনে থেকে মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। আশেপাশের বিভিন্ন কারখানা ছুটি ঘোষণার দাবিতে মিছিল থেকে কয়েকটি কারখানার ফটকে তারা ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি শান্ত রাখতে মালিকপক্ষ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নেন। শ্রমিকেরা লাঠি হাতে বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিলে মৌচাক, সফিপুর ও কোনাবাড়ী এলাকার অন্তত ১২টি কারখানা ছুটি ঘোষণা করা হয়, জানায় পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

‘শ্রমিকদের বোঝানো হচ্ছে। শিগগির যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে,’ বলেন নাওজোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

জাতীয়