৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক

টিকটকের কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের কারণে বাংলাদেশ থেকে আপলোড করা প্রায় ১ কোটি ৪৮ লাখ ভিডিও ডিলিট করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

গত ২৯ অক্টোবর প্রকাশিত টিকটকের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে বলা হয়, ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) বাংলাদেশের মোট ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও ডিলিট করা হয়েছে। যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা মোট কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ।

টিকটক জানিয়েছে, ইউজাররা রিপোর্ট করা বা অভিযোগ জানানোর আগেই ৯৯ দশমিক ৮ শতাংশ ভিডিও শনাক্ত করে ডিলিট করা হয়েছে। এসব ভিডিওর ৯২ দশমিক ৭ শতাংশ পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়।

তবে পরবর্তী সময়ে ইউজারদের আপিলসহ অন্যান্য কারণে ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে একই সময়ে মোট ১৮ কোটি ৮৩ লাখের বেশি ভিডিও ডিলিট করেছে টিকটক, যা আপলোড করা মোট কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ।

টিকটকের নীতিমালা লঙ্ঘনের দায়ে ডিলিট করা ভিডিওগুলো মূলত অশ্লীল, সংবেদনশীল ও আপত্তিকর কনটেন্টযুক্ত। পাশাপাশি, এডিটেড মিডিয়া ও এআই দিয়ে তৈরি কনটেন্টও ডিলিট করেছে টিকটক।

ভিডিওর পাশাপাশি ওই ত্রৈমাসিকে বিশ্বজুড়ে ২৭ কোটি ৮৩ লাখের বেশি কমেন্ট ডিলিট করেছে টিকটক। আগের ত্রৈমাসিকে এ সংখ্যা ছিল ২৩ কোটি ৭৫ লাখ।

এই তিন মাসে প্রায় ১৪ কোটি ৬৮ লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে টিকটক।

পাশাপাশি, ২ কোটি ৬৮ লাখ সন্দেহজনক অ্যাকাউন্ট ডিলিট করে টিকটক। ধারণা করা হয়, ওই অ্যাকাউন্টগুলো ১৩ বছরের কম বয়সীরা ব্যবহার করছিল, যা টিকটকের নীতিমালা পরিপন্থি।

জাতীয়