যুব এশিয়া কাপ জয়ের প্রত্যাশা, তবে মূল লক্ষ্য ২০২৮ বিশ্বকাপ

যুব এশিয়া কাপ জয়ের প্রত্যাশা, তবে মূল লক্ষ্য ২০২৮ বিশ্বকাপ

যুব এশিয়া কাপে দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অভিজ্ঞ কোচিং প্যানেল নিয়ে এবারের আসরে ভালো করার প্রত্যাশা দলের। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহাও আশা করছেন, যুব টাইগাররা আবারও এশিয়া কাপের শিরোপা জিতবে।

তবে এশিয়া কাপের চেয়েও বড় লক্ষ্য ২০২৮ সালের যুব বিশ্বকাপ। ওই বিশ্বকাপ সামনে রেখে বর্তমান দলটিকে একসঙ্গে রেখে দীর্ঘমেয়াদি প্রস্তুতির পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফাহিম সিনহা বলেন, ‘অবশ্যই, প্রত্যাশা থাকবে এশিয়া কাপ জেতার। বিশ্বকাপই আমাদের চূড়ান্ত লক্ষ্য। এই ব্যাচটা বিশ্বকাপ পর্যন্ত একসঙ্গে থাকবে। লম্বা একটা যাত্রা। ২০২৮ সালের শুরুতে বিশ্বকাপ। অবশ্যই, বিশ্বকাপ জেতাই আমাদের লক্ষ্য।’

এবার যুব দলের কোচিং প্যানেলে রয়েছেন দেশি কোচরা। তবে কোচ দেশি না বিদেশি, সেটিকে বড় বিষয় হিসেবে দেখছেন না ফাহিম। তাঁর মতে, খেলোয়াড়দের উন্নতি এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘কোচিং স্টাফে দেশি হোক কিংবা বিদেশি, সবার কাছেই প্রত্যাশা থাকে উন্নতির প্রক্রিয়াটা যেন ঠিক থাকে। আমাদের প্রত্যেকটা ম্যাচই জিততে হবে কিংবা এশিয়া কাপ জিততেই হবে, ব্যাপারটা তা নয়।’

ফাহিম আরও বলেন, জয়ের জন্য দল সর্বোচ্চ চেষ্টা করবে এবং এশিয়া কাপ জিতে ফেরার লক্ষ্য থাকবে। তবে পুরো প্রস্তুতিতে গুরুত্ব দেওয়া হবে খেলোয়াড়দের উন্নতি ও সঠিক প্রক্রিয়া অনুসরণের ওপর। এ দল থেকে ভবিষ্যতের জন্য কতজন ভালো খেলোয়াড় উঠে আসছে, সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

খেলাধূলা