শুধু জিপিএ-৫ কিংবা উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই জাতি উন্নত হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু জিপিএ-৫ কিংবা উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই একটি জাতি উন্নত হতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, শিক্ষার সংখ্যাগত প্রসারের চেয়ে গুণগত মান ও রূপান্তর অর্জন করা এখন সবচেয়ে জরুরি।

আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘তারুণ্যে দীপ্তপ্রাণ- ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যে আয়োজিত ‘২১তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষায় ঢালাও ভর্তির প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসএসসি ও এইচএসসি পাস করা সবাইকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উৎসাহিত করা একেবারেই ঠিক নয়। সবাই তো আর বিশ্ববিদ্যালয়ে পড়বেন না, আবার সবাই শিক্ষক কিংবা গবেষকও হবেন না।’ তিনি বলেন, যাঁরা মূলত শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে সমাজ ও শিক্ষাক্ষেত্রে অবদান রাখবেন, কেবল তাঁদেরই উচ্চশিক্ষা গ্রহণ করা উচিত।

শিক্ষিত বেকারত্ব বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের একটি বড় অংশকে কর্মসংস্থানের বাস্তব চাহিদার আলোকে কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। অন্যথায় শুধু কাগুজে সনদ বাড়ার ফলে সমাজে শিক্ষিত বেকারের সংখ্যাই বাড়বে।

বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ও দর্শন তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কেবল চাকরি দেওয়া কিংবা কর্মসংস্থান সৃষ্টির কোনো ক্ষেত্র নয়; এটি হবে গবেষণাভিত্তিক এমন একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মুক্তচিন্তা, মেধার বিকাশ ও জ্ঞানচর্চা অব্যাহত থাকবে। বর্তমান জনসংখ্যার বাস্তবতায় কর্মমুখী শিক্ষার গুরুত্ব থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রকে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর এবং প্রকৃত মেধাভিত্তিক শিক্ষাব্যবস্থায় রূপান্তর করতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।

​বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভাটি সঞ্চালনা করেন জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসটি উদ্‌যাপিত হয়।

জাতীয়