স্বাধীনতার পর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তোলার যে যাত্রা শুরু হয়েছিল, সেই পথচলার অন্যতম সারথি ছিলেন হারুনুর রশীদ। ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িয়ে ছিলেন ক্লাবটির সঙ্গে। দেশের ফুটবলের সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত সেই বর্ষীয়ান সংগঠক এবার চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে।
মঙ্গলবার ভোররাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হারুনুর রশীদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ কয়েক দিন লাইফ সাপোর্টে ছিলেন বর্ষীয়ান এই সংগঠক।
স্বাধীনতার পর বাংলাদেশের ফুটবলের বিকাশে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের অন্যতম হারুনুর রশীদ। ১৯৭২ সালে আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠার সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি। এরপর দীর্ঘদিন ক্লাবটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নব্বইয়ের দশকের শুরুর দিকে আবাহনী লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার আগপর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়েও ক্লাবটির বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
শুধু আবাহনী নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গেও দীর্ঘদিন জড়িয়ে ছিল তার নাম। পাঁচবার সংস্থাটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন হারুনুর রশীদ। এ ছাড়া একাধিক মেয়াদে নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
দেশের ফুটবলের পাশাপাশি অন্যান্য ক্রীড়া সংগঠনের সঙ্গেও ছিল তার সম্পৃক্ততা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন দক্ষ সংগঠক হিসেবে দেশের ক্রীড়াঙ্গনের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কার্যক্রমে ভূমিকা রেখেছেন তিনি।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলেও পরিচিত মুখ ছিলেন হারুনুর রশীদ। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার মিডিয়া কমিটিতেও কাজ করেছেন। ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদানের স্বীকৃতি হিসেবে এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড পান।
আজ মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর নিজ জেলা লক্ষ্মীপুরে তাকে দাফনের কথা রয়েছে।

