রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহায়তা চান প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়ে জানান, রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান তিনি। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপরও জোর দেন তিনি। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঘনিষ্ঠ যোগাযোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে জানান তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্বের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বৈঠকের শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে আগের বৈঠকের কথা স্মরণ করেন তারেক রহমান। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

জাতীয়