সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা।
বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটিই পুড়ে গেছে। এ ছাড়া আগুনে দুটি ছাগল পুড়ে মারা গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, যে ঘরে আগুন দেওয়া হয়েছে সেটি ছিল গরু রাখার একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
রাতে এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলা হয়, দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।
এ বিষয়ে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, তাদের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, নুসরাত তাবাসসুমের মা-বাবা ওই বাড়ি থেকে ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত আরেকটি তিনতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন। সেখানে আগুন লাগেনি। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ হতাহত বা দগ্ধ হননি।


