পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগসহ প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিকতাপূর্ণ। বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সহযোগিতার নতুন উচ্চতা ও সামগ্রিক অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে দুই দেশ।’
কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের ফলাফল নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তুরস্কের আনতালিয়ায় জলবায়ু সম্মেলনের ফাঁকে তারেক রহমান ও এরদোয়ান এ বৈঠক করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সম্মেলনে এরদোয়ান অল্প কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সে কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, ‘এরদোয়ান খুব অল্প কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন—তিন বা চারজন, হয়তো এরচেয়ে সামান্য বেশি। বহুপক্ষীয় কোনো সম্মেলনের আয়োজক দেশের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক করা খুবই বিরল। প্রথম দিনেই সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকগুলোর একটি ছিল আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে।’
তিনি আরও বলেন, তারেক রহমানকে এরদোয়ান যে গুরুত্ব দেন, এ বৈঠক তারই প্রতিফলন।
প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আলোচনায় বিনিয়োগের সুযোগ নিয়ে কথা হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা শিল্প পার্ক এবং প্রতিরক্ষা উৎপাদনের অন্যান্য খাতে সম্ভাব্য বিনিয়োগের বিষয়ও ছিল। বিনিয়োগ অংশীদারত্বের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।’
রোহিঙ্গা সংকট বিষয়ে তিনি জানান, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর কীভাবে আরও কার্যকরভাবে একসঙ্গে কাজ করা যায় এবং মানবিক সহায়তা কার্যক্রমের অর্থায়নের প্রয়োজন মেটানো যায়, তা নিয়ে দুপক্ষ আলোচনা করেছে।
এ বিষয়ে আন্তর্জাতিক সমর্থন জোরদার এবং নিজেদের উদ্যোগগুলোর মধ্যে সমন্বয় করতে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এরদোয়ান প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনি আমার অত্যন্ত প্রিয় ভাই। আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা। তবে এর বাইরেও আপনি আমার প্রিয় ভাই এবং এমন একজন নেতা, যার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব।’
তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ‘বাংলাদেশের জন্য আমার ও তুরস্কের সামর্থ্যের মধ্যে যা কিছু করা সম্ভব, করব। কোথায় এবং কী করা প্রয়োজন, শুধু আমাকে জানাবেন। আমাদের সম্পর্ক অসাধারণ, অত্যন্ত উচ্চপর্যায়ের ও দৃঢ়। এ সম্পর্ক আরও এগিয়ে যাবে।’
তিনি আরও জানান, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন। বাংলাদেশের শাসনব্যবস্থায় ইতিবাচক নীতিগত পরিবর্তনের প্রশংসা করেছেন এরদোয়ান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন।

