ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ চলাকালে ঢাকার সাভারের আউকপাড়া এলাকায় গত ৪ নভেম্বর বহিরাগত শ্রমিকদের হামলায় আহত এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার ভোররাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহত শ্রমিক মো. সেলিম হাওলাদার (২৩) মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মো. রহিম হাওলাদারের ছেলে। তিনি ট্রেন্ট সুজ লিমিটেডের জুনিয়র অপারেটর ছিলেন।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে সেলিমের বাবা রহিম হাওলাদার ফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বেতন বাড়ানোর আন্দোলনের সময় গত ৪ নভেম্বর দুপুরে আমার বড় ছেলের কারখানা ছুটি দিলে ওরা পাঁচ-ছয়জন শ্রমিক বাসায় যাওয়ার জন্য গেট দিয়ে বের হচ্ছিল। শুনেছি, তখন অন্য কারখানার ৩০-৪০ জন বহিরাগত শ্রমিক আমার ছেলেসহ কয়েকজনকে মারধর করে। তারপর থেকেই ছেলে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি ছিল। আমি ছেলের কাছ থেকে কিছুই জানতে পারিনি। এখন তার মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি।’
ওসি তরিকুল বলেন, ‘ওইদিন আউকপাড়া এলাকার ট্রেন্ট সুজ লিমিটেড ও ফরচুন জিপার লিমিটেডে হামলা ও শ্রমিকদের মারধরের ঘটনায় বহিরাগত রনজিৎ বিশ্বাসের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করে গত ৭ নভেম্বর মামলা করেন কারখানার এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা প্রিন্স সরদার। ওই মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
মামলার এজাহার অনুযায়ী, বহিরাগত শ্রমিক রনজিৎ বিশ্বাসসহ (৩৫) অজ্ঞাতনামা বিভিন্ন কারখানার ২০০-৩০০ জন বহিরাগত শ্রমিক গত ৪ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে লাঠিসোঁটা, ইট, পাথর ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ট্রেন্ট সুজ লিমিটেড ও ফরচুন জিপার লিমিটেডের কারখানার গেট খুলে শ্রমিকদের বের করে দিতে বলেন। নিরাপত্তার স্বার্থে প্রহরী কারখানার গেট খুলতে না চাইলে আসামিরা কারখানার গেট ও নিরাপত্তাকক্ষ ভাঙচুর করে জোরপূর্বক কারখানায় ঢুকে পড়েন।
একপর্যায়ে বাধ্য হয়ে প্রতিষ্ঠান দুটি ছুটি ঘোষণা করে। শ্রমিকরা বেরিয়ে যাওয়ার সময় আসামিরা প্রতিষ্ঠান দুটিতে কর্মরত শ্রমিক সেলিম (২৩), মো. রাকিব (২৪) ও লিমনকে (২৫) মারধর করেন। আসামিরা হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে সেলিমের মাথায় আঘাত করেন। আহত সেলিমকে পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
রহিম হাওলাদার বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।’

