ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট অর্জন করেছেন। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে দেশের এই শীর্ষ সৌন্দর্য প্রতিযোগিতায় তার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে আগামী ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।
বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। এরপর ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন এবং দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ।
মুকুট জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামিরা খান মাহি জানান, বাবা-মা তাকে বিশ্ব জয় করে আসার উৎসাহ দিয়েছেন। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসের মাধ্যমে ছোট পর্দার দর্শকদের কাছে আগে থেকেই পরিচিত মুখ তিনি।
এর আগে ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন তিনি, যা ছিল এই প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট।
আয়োজকেরা জানিয়েছেন, আগামী ১১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়বেন সামিরা খান মাহি।


