গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর মহানগরের জয়দেবপুর থানাধীন মধ্যপাড়া জোরপুকুর এলাকার একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িটি সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরের আবাসিক এলাকা জোরপুকুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের একটি আটতলা ভবন এবং এর পাশে একটি টিনশেড বাড়ি রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টিনশেড বাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। তাৎক্ষণিকভাবে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে টিনশেড ঘরটি পুড়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, রাত আটটার দিকে একদল দুর্বৃত্ত বাড়িটিতে প্রবেশ করে সেখানে থাকা কেয়ারটেকারকে বের করে দেয়। এরপর ঘরটিতে আগুন ধরিয়ে দিয়ে তারা চলে যায়। সম্প্রতি সাবেক ওই মন্ত্রীর একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়দের একাংশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা এটি নাশকতা কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

জাতীয়