মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে সরকার । আজ শনিবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারে থাকাকালীন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব সময় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গৌরব সব সময় আমাকে আন্দলিত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেও গর্বিত।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে এসব উপাধির চেয়েও গুরুত্বপূর্ণ হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এক জীবনে সবার পক্ষে এমন গৌরব অর্জন করা সম্ভব হয় না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন, আবার আপনাদের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহিদ হয়েছেন। আপনারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার। আপনাদের সবাইকে জানাই বীরোচিত অভিনন্দন।

তিনি বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে, অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং বহু আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক দিনে মুক্তিযুদ্ধের সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আহত মুক্তিযোদ্ধা এবং শহিদদের পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সহানুভূতি ও সমবেদনা। আল্লাহর দরবারে সব শহিদের মাগফিরাত কামনা করছি।

জাতীয়