প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মায়ের সঙ্গে সশস্ত্র বাহিনী দিবসের স্মৃতিবিজড়িত মুহূর্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান।
আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় আবেগঘন কণ্ঠে একজন সন্তান হিসেবে মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে সঙ্গত কারণেই আমি ব্যক্তিগতভাবে কিছুটা স্মৃতিকাতর। আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, আমার মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টেই তার জীবনের প্রায় সবগুলো বছর কাটিয়েছিলেন।’
তারেক রহমান আরও বলেন, ‘দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে খালেদা জিয়া কখনো প্রধানমন্ত্রী, কখনো জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে স্বগৌরবে অংশ নিয়েছেন। তবে ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে এসে বারবার সেই স্মৃতির কথাই মনে পড়ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ এর ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং চব্বিশের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছেন, একইভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।
তারেক রহমান আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আমাদের দুটি প্রধান দায়িত্ব রয়েছে। প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে—যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়টি হচ্ছে শহীদদের কাক্সিক্ষত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।
সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়েছে। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই থেকে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের লেখা বিভিন্ন নিবন্ধের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস ও শৌর্যের প্রতীক। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে।
তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। ওই হত্যাযজ্ঞের পর বাংলাদেশকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা দেশবাসীর জানা।
সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
তারেক রহমান বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।
বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ।

