ভারতের গণমাধ্যম প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে : পররাষ্ট্র মন্ত্রণালয়

লালমনিরহাটে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো দেশের নাম উল্লেখ করেননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার বক্তব্যকে ভারতের কয়েকটি গণমাধ্যম ভুলভাবে তুলে ধরেছে বলেও মন্তব্য করেছে মন্ত্রণালয়। আজ রবিবার এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি। ভারতের কয়েকটি গণমাধ্যম তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।’ মুখপাত্র আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা’ বিভিন্ন মহাদেশে বেপরোয়াভাবে তৎপরতা চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তাদের সংঘটিত গুরুতর সহিংসতার ঘটনা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, তারা নিজেদের কর্মকাণ্ড দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তা সমস্যার সৃষ্টি করছে। তাদের এসব কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও নেতিবাচকভাবে উপস্থাপনের ঝুঁকি তৈরি করছে। এই বিপদ আরও বিস্তৃত হওয়ার আগেই তা মোকাবিলায় বিশ্বের সব দেশের দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে, শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভারতের অবস্থান সব সময়ই স্পষ্ট। অভিন্ন ইতিহাস, আত্মত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে ভারত আগ্রহী নয় বলেও জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, ১৬ বছর জোর করে দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, গত কয়েক দিনে তাদের কর্মকাণ্ড দেশবাসী দেখেছে। দেশ ছেড়ে পালিয়েও তারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে ফিরে এসেছে। পেছন থেকে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে।

জাতীয়