আজ পবিত্র শবেবরাত, সারাদেশে ধর্মীয় কর্মসূচি ও নিরাপত্তা জোরদার

আজ পবিত্র শবেবরাত, সারাদেশে ধর্মীয় কর্মসূচি ও নিরাপত্তা জোরদার

ধর্ম ডেস্ক

লাইলাতুল মোবারাকা বা পবিত্র শবেবরাত আজ মঙ্গলবার পালিত হচ্ছে। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের রাতকে ইসলামে বরকতময় ও মহিমান্বিত হিসেবে বিবেচনা করা হয়। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, এই রাতে আল্লাহ তায়ালা বান্দার দোয়া কবুল করেন, গুনাহ মাফ করেন এবং আগামী দিনের জন্য কল্যাণ নির্ধারণ করেন। এ কারণে শবেবরাতকে মুসলিম উম্মাহ ভাগ্যরজনী হিসেবেও অভিহিত করে থাকে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য মর্যাদায় শবেবরাত পালন করছেন। মসজিদগুলোতে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এ রাতে মুসলমানরা নিজেদের পাপ মোচন, পরিবার-পরিজনের কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। অনেকেই আত্মীয়স্বজন ও পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন এবং দান-খয়রাতের মাধ্যমে এ রাত পালন করে থাকেন।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শবেবরাতকে পবিত্র রমজান মাসের প্রস্তুতির সময় হিসেবেও গুরুত্ব দেওয়া হয়। শাবান মাসের পরেই রমজান আগমন করায়, এই রাত থেকেই রোজা ও ইবাদতের প্রস্তুতি শুরু করার প্রতি ধর্মীয় আলেমরা গুরুত্ব আরোপ করে থাকেন।

শবেবরাত উপলক্ষে রাষ্ট্র ও রাজনৈতিক অঙ্গন থেকেও বাণী প্রদান করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ উপলক্ষে এক বাণীতে মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণ কামনা করেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শবেবরাতের তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন।

প্রতিবছরের মতো এবারও শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল, দোয়া, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ ও নাত পরিবেশন অনুষ্ঠিত হবে। সন্ধ্যার পর কোরআন ও হাদিসের আলোকে শবেবরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করবেন মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী। পরবর্তীতে ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন ধর্মীয় বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানানো হয়েছে, ব্যক্তিগত নফল ইবাদত ও জিকির-আসকারের সুবিধার্থে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারা রাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে শবেবরাতের কর্মসূচি শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

এছাড়া শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনও নিজ নিজ উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন করছে।

পবিত্র শবেবরাত উপলক্ষে আগামী বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির কারণে আজ মঙ্গলবার দৈনিক পত্রিকার অফিস বন্ধ থাকায় আগামীকাল বুধবার কোনো পত্রিকা প্রকাশিত হবে না।

এদিকে শবেবরাত উপলক্ষে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। রাজধানী ঢাকা ছাড়াও গুরুত্বপূর্ণ শহর ও ধর্মীয়ভাবে সংবেদনশীল এলাকাগুলোতে ইউনিফর্মধারী টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জনসমাগমপূর্ণ এলাকা, বড় মসজিদ ও মাজারগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সব ইউনিটকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করতে কন্ট্রোল রুম সক্রিয় রাখা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

ধর্ম শীর্ষ সংবাদ