রাজনীতি ডেস্ক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের সাধারণ মানুষের ভাগ্যে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। তিনি জানান, শাসকের পরিচয় পরিবর্তন হলেও শোষণ, লুটপাট ও দুর্নীতির রাজনীতি আজও বহাল রয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে ১১ দলীয় নির্বাচনি ঐক্য গড়ে উঠেছে। তিনি বলেন, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে সন্ত্রাস ও লুটপাটের রাজনীতি সমাপ্ত করতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, ঐক্য গঠনের উদ্দেশ্য কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থ নয়, বরং বঞ্চিত, নিপীড়িত ও ভাগ্যাহত ১৮ কোটি মানুষের অধিকার তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর মানুষ বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও জনগণের ভাগ্যে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। শাসকের চেহারা ও ভাষা বদলালেও শোষণের চরিত্র অপরিবর্তিত রয়েছে। তিনি আরও বলেন, পূর্বে বিদেশি শাসকরা দেশ লুট করলেও এখন দেশীয় শাসকরাই জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে।
মাওলানা মামুনুল হক জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে বলেন, দীর্ঘ দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র ও সাধারণ জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন ঘটেছিল। তিনি জানান, আলিয়া ও কওমি মাদরাসা, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর বিভেদ ভেঙে তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল। তিনি উল্লেখ করেন, হাজারো মায়ের কোল খালি হয়েছে এবং দেড় সহস্রাধিক জুলাই যোদ্ধার রক্তের বিনিময়ে দেশকে পবিত্র করা হয়েছে। এই আত্মত্যাগকে যারা সম্মান জানাতে ব্যর্থ, তাদের হাতে দেশের ভবিষ্যৎ নিরাপদ নয়।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনকে ‘ব্যালট বিপ্লব’ হিসেবে দেখতে হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, কোনো আপস নয়, কোনো নমনীয়তা নয়; নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, আমি যদি ঢাকা-১১ আসনের ভোটার হতাম, শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলামকেই ভোট দিতাম। এটি জনগণের পবিত্র দায়িত্ব ও আমানত।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. নাহিদ ইসলাম। সঞ্চালনা করেন ঢাকা-১১ আসনের নির্বাচন পরিচালক মাওলানা মো. কুতুব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।


