রাজনীতি ডেস্ক
দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও প্রতীক্ষার পর আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশজুড়ে নির্বাচনী প্রস্তুতি শেষ পর্যায়ে, ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের নজর এখন প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের দিকে—তাঁরা কে কোথায় ভোটাধিকার প্রয়োগ করবেন, তা ঘিরে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, দলের চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যরা নিজ নিজ ভোটার এলাকার নির্ধারিত কেন্দ্রে ভোট দেবেন। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর আসন্ন নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, তিনি রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্রটি গুলশান-২ এর ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত। তারেক রহমানের দেশে ফিরে সরাসরি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকে বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ভোট দেবেন। তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলনে সক্রিয় থাকা ফখরুল ইসলাম আলমগীরের ভোটকেন্দ্র নিয়ে স্থানীয়ভাবে প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের ভোটকেন্দ্রও চূড়ান্ত হয়েছে। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। মির্জা আব্বাস রাজধানীর শাহজাহানপুর এলাকায় অবস্থিত মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন বলে জানানো হয়েছে। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম নগরের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল কেন্দ্রে ভোট দেবেন। মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহন উপজেলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরকারি হাই স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন ঘিরে বিএনপি নেতাদের এই ভোটকেন্দ্র ঘোষণা দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারার জন্য গুরুত্বপূর্ণ। শীর্ষ রাজনৈতিক নেতাদের সরাসরি ভোট প্রদান নির্বাচনী প্রক্রিয়ায় জনআস্থা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে নির্বাচন কমিশন নির্বাচনকালীন আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে।


