সারাদেশ ডেস্ক
নওগাঁ জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয়টি আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলার ৭৮২টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে, যা বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি দেখা গেছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় অনেক ভোটার সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হন। ভোটগ্রহণ শুরুর পর প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন। কেন্দ্রগুলোতে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে নওগাঁ জেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলার ৭৮২টি কেন্দ্রের মধ্যে ৩৬৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা পর্যবেক্ষণে বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। মোট প্রায় দুই হাজার পুলিশ সদস্যের পাশাপাশি সহস্রাধিক সেনাসদস্য, পাঁচ শতাধিক বিজিবি ও বিপুলসংখ্যক আনসার সদস্য নির্বাচনি দায়িত্বে রয়েছেন।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ভোটকেন্দ্রগুলোতে নিয়মিত টহল চলছে। র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা কেন্দ্র এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। কোথাও কোনো নাশকতামূলক বস্তু রয়েছে কি না, তা নিশ্চিত করতে প্রশিক্ষিত কুকুর দিয়ে অনুসন্ধান চালানো হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনি মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বক্ষণ তৎপর রয়েছে। ভোটের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
নওগাঁ-৩ আসনের বদলগাছীর বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল। ভোটগ্রহণ শেষে তিনি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশার কথা জানান এবং নির্বাচনকালীন পরিবেশ সবার জন্য সমান থাকবে বলে আশা প্রকাশ করেন।
নওগাঁ জেলায় ছয়টি আসনে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রার্থী রয়েছেন ২৭ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৫ জন। নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নওগাঁ-২ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও এবি পার্টির প্রার্থীরা প্রতিযোগিতায় রয়েছেন।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাসদ, বিএনএফ, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন। নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, সিপিবি এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচনে রয়েছেন। সর্বশেষ নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁর ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন, নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন এবং হিজড়া ভোটার ২১ জন। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলো থেকে ফলাফল সংগ্রহ করে বিধি অনুযায়ী গণনা ও ঘোষণা করা হবে।


