বিএনপি চেয়ারপারসনের ভোটবাণী: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেওয়া হবে

বিএনপি চেয়ারপারসনের ভোটবাণী: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেওয়া হবে

 

রাজনীতি ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত হলে তার দল নির্বাচনের ফলাফল মেনে নেবে। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘‘নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তাহলে কেন মেনে নেবো না? আমরা সব দলই মেনে নেব। তবে একটি শর্ত আছে—নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। জনগণ ভোট দিলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে।’’

তিনি আরও জানান, ‘‘ঢাকার বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি, গত রাতেও কিছু চেষ্টা করা হয়েছে, এবং আজও সেই প্রচেষ্টা চলবে। তবে আমাদের লক্ষ্য হল জনগণ যেন শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট প্রদান করতে পারে। গত এক দশকের বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।’’

চেয়ারপারসন সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, ‘‘আমরা সকলে মিলে চেষ্টা করি, যাতে মানুষ তাদের অধিকার সুন্দরভাবে প্রয়োগ করতে পারে। এটি দেশের প্রত্যাশিত উন্নয়ন ও গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।’’

বিএনপির জয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমরা আত্মবিশ্বাসী এবং বিজয়ের ব্যাপারে আশাবাদী।’’ ভোটে কত আসন পেতে চায়—এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘‘আমরা এমন সংখ্যক আসন প্রত্যাশা করছি যা দিয়ে দেশের সুষ্ঠু পরিচালনা করা সম্ভব হবে।’’

জাতীয় সরকার গঠনের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘‘যাদের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেছি, কম-বেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই।’’

তিনি সারাদেশে ভোটের পরিবেশ সম্পর্কে জানিয়ে বলেন, ‘‘আমি ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। সারাদেশের পরিস্থিতি এখনও পাইনি। তবে যে পরিবেশ দেখেছি, তাতে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছে।’’

চেয়ারপারসন কিছু অপ্রত্যাশিত ঘটনার প্রতি সতর্ক করে বলেন, ‘‘কিছু রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটাচ্ছে, যা আমরা চাই না। দেশের মালিক জনগণ। তারা যদি বেরিয়ে আসেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন, তবে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।’’

তিনি অভিযোগ করেন, ‘‘যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা বাড়ছে। এটি সঠিক নয়। অনৈতিক কাজের চেষ্টা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।’’

ফল ঘোষণায় দেরির সম্ভাবনা সম্পর্কে তারেক রহমান বলেন, ‘‘ফল গণনায় দেরির কোনো কারণ দেখি না। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও ফল ঘোষণায় কিছুটা সময় লেগেছে। নির্বাচন কমিশন চেষ্টা করবে দ্রুত ফল জনগণের কাছে পৌঁছে দিতে।’’

চেয়ারপারসন বলেন, ‘‘আমরা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ্য করছি, যা মানুষের বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের বিষয় মেনে নেওয়া যাবে না। জনগণ ও রাজনৈতিক দল কেউ এই পরিস্থিতি গ্রহণ করবে না।’’

রাজনীতি শীর্ষ সংবাদ