ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড জাতীয় দলের কোচ থমাস টাচেল স্বীকার করেছেন, আগামী মাসে ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচে তারকা মিডফিল্ডার জুড বেলিংহামের খেলা অনিশ্চিত রয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং চোট পাওয়ার পর বেলিংহাম এখনও পুরোপুরি সুস্থ হননি।
১ ফেব্রুয়ারি রায়ো ভায়োকানোর বিপক্ষে লা লিগার ম্যাচে মাত্র ১০ মিনিট খেলার পরই মাঠ ছাড়তে বাধ্য হন বেলিংহাম। প্রাথমিক রিপোর্টে ধারণা করা হয়েছিল, তার চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে বৃহস্পতিবার উয়েফা নেশন্স লিগের ড্র অনুষ্ঠানে টাচেল জানিয়েছেন, বেলিংহামের পুনর্বাসন ও খেলার সময়কাল নিয়ে নতুনভাবে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
টাচেল বলেন, “রিয়াল মাদ্রিদ তার পুনর্বাসনের সময় নিয়ে সতর্ক অবস্থান নিচ্ছে। জুড নিজেও খুব চেষ্টা করছে। আমরা তাকে যেমন চিনি, সে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এবং পেশাদার। সে মার্চে আমাদের সঙ্গে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি এবং যা সম্ভব, সব ধরনের সহায়তা ও সমর্থন দেব। এটা সময়ের সঙ্গে ধৈর্যের পরীক্ষা।”
ইংল্যান্ড আগামী ২৭ মার্চ উরুগুয়ে এবং ৩১ মার্চ জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচগুলো ফিফা বিশ্বকাপ-২০২৬-এর প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। টাচেল আরও জানিয়েছেন, “বেলিংহামের ফিটনেস নিয়ে ব্যক্তিগতভাবে আমি আশাবাদী। তবে নিশ্চিত নই।”
বেলিংহাম সর্বশেষ নভেম্বর মাসে ইংল্যান্ডের হয়ে মাঠে নামেছিলেন। সার্বিয়ার বিপক্ষে ২৫ মিনিট বদলি হিসেবে এবং আলবেনিয়ার বিপক্ষে ৮৪ মিনিট খেলেছেন। চলতি এক বছরে তাকে প্রথম একাদশে জায়গা ধরে রাখতে হয়েছে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে, যার মধ্যে রয়েছেন এ্যাস্টন ভিলার মরগান রজার্স।
গত মৌসুমে কাঁধের অস্ত্রোপচারের পরও কিছু সময় মাঠের বাইরে ছিলেন বেলিংহাম। তবুও চলতি মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার ১৮টি ম্যাচে অংশ নিয়েছেন। তার ফিটনেস এবং পুনর্বাসনের অগ্রগতি ইংল্যান্ডের মার্চের প্রীতি ম্যাচ এবং গ্রীষ্মের বিশ্বকাপ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে।


