সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ উপলক্ষে জাতীয় সংসদ এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা

সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ উপলক্ষে জাতীয় সংসদ এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা

রাজধানী ডেস্ক

নবনির্বাচিত সংসদ সদস্য এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপি’র পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচল সীমিত রাখা হবে এবং বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি জানায়, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে এবং যানজট নিয়ন্ত্রণে রাখতে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত করা হবে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ জানিয়েছে, সাময়িক এ নিয়ন্ত্রণের কারণে সৃষ্ট যানবাহনের চাপ মোকাবিলায় কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ডাইভারশন কার্যকর থাকবে। মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট বা সোনারগাঁওমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেটের দিকে যেতে পারবে। একইভাবে ধানমন্ডি ২৭ নম্বর থেকে আগত যানবাহন আসাদগেট ও প্রতিরক্ষা গ্যাপ ব্যবহার করে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটে পৌঁছাতে পারবে।

আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহনের ক্ষেত্রে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর), প্রতিরক্ষা গ্যাপ ও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে বিকল্প পথ ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিমুখী যানবাহন খেজুর বাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিং, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও আসাদগেট হয়ে ধানমন্ডি এলাকায় প্রবেশ করতে পারবে।

ডিএমপি আরও জানায়, মানিক মিয়া এভিনিউ থেকে ব্লকেড অপসারণ করা হলে মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা ও গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর) হয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে যেতে পারবে। এছাড়া শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, উল্লেখিত সময়ের মধ্যে মানিক মিয়া এভিনিউ ও লেক রোড এড়িয়ে চললে যানজট কমবে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি হ্রাস পাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনুষ্ঠান নির্বিঘ্নভাবে সম্পন্ন করার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নগরবাসীকে নির্ধারিত নির্দেশনা মেনে চলার মাধ্যমে সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

রাজধানী শীর্ষ সংবাদ