ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেলায় ভাষা চর্চা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেলায় ভাষা চর্চা সভা অনুষ্ঠিত

খেলাধূলা ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কনিকাড়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘খেলার মাঠে ভাষা চর্চা’ শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে খেলোয়াড় ও শিশুরা বাংলা ভাষার সঠিক চর্চা এবং ভাষা রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হয়েছে।

অনুষ্ঠানে মহান ভাষা শহীদদের বীরত্ব ও অবদান তুলে ধরা হয় এবং শুদ্ধ বাংলা ভাষা শিক্ষা ও সর্বস্তরে ভাষার প্রয়োগে নাগরিক দায়িত্ব ও কর্তব্য নিয়ে মুক্ত আলোচনার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের জন্য খেলার মাঠকে ব্যবহার করে এই সচেতনতামূলক কার্যক্রমটি ভিন্নধর্মী সাড়া জাগিয়েছে।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ নবীনগর শাখার সদস্য মো. মনির হোসেন, নবীনগর বসুন্ধরা শুভসংঘের সিনিয়র সহ-সভাপতি বাবুল আহমেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, শিক্ষক লুৎফুর রহমান, আল মামুন এবং মো. ইব্রাহিম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নবীনগর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মো. মাজেদুল ইসলাম।

বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস এবং ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির প্রেক্ষাপট তুলে ধরেন। তারা উল্লেখ করেন, ভাষা আন্দোলনের সময় শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। তবে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, ভিনদেশি ভাষার প্রভাবে বাংলা ভাষার মর্যাদা হ্রাস পাচ্ছে এবং কথাবার্তায় অতিরিক্ত ইংরেজি ব্যবহারের কারণে ভাষার সঠিক চর্চা ব্যাহত হচ্ছে।

আলোচনায় বাংলা সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বও গুরুত্বসহকারে তুলে ধরা হয়। বক্তারা কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, জসীমউদ্দীন, সুকুমার রায় এবং আহসান হাবীবের সাহিত্যকর্মের উদাহরণ দিয়ে বলেন, নিজস্ব সংস্কৃতি রক্ষা এবং চর্চা করাই ভাষা রক্ষার প্রধান উপায়।

সমাপনী বক্তব্যে মো. মনির হোসেন বলেন, বাংলা ভাষার বিকৃতি রোধ এবং সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে বসুন্ধরা শুভসংঘের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার আহ্বান জানান। অনুষ্ঠান শেষ হয় ভাষা শহীদদের স্মরণ ও মাগফিরাত কামনা করে।

খেলাধূলা শীর্ষ সংবাদ