হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

 

রাজধানী ডেস্ক

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে সিয়াম নামের একজন যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় ঘটনায় ব্যবহৃত ছুরি এবং রক্তমাখা জামাও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগের হাজার হোটেলের গলিতে সিয়াম স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নিহত ছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি একজন তরুণের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন। শুরুতে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও পরবর্তীতে হামলার দৃশ্য ধরা পড়ে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, হত্যার পর রক্তমাখা ছুরি সেই যুবক হাত দিয়ে মুছছেন। ভিডিওতে ছাত্রীকে চিৎকার করতে দেখা যায়।

নিহত শাহরিয়ার শারমিন বিন্তির বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রামে। তার বাবার নাম বিল্লাল হোসেন। নিহত ছাত্রী তার পরিবারসহ রাজধানীর হাজারীবাগে হায়দার আলী হোটেলের পাশে একটি ভবনের পঞ্চম তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে এবং হত্যার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া বিরাজ করছে।

শাহরিয়ার শারমিন বিন্তির হত্যাকাণ্ড দেশের রাজধানীতে স্কুলছাত্রীর নিরাপত্তা ও সামাজিক সচেতনতার বিষয়কে নতুনভাবে সামনে এনেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে, এ ধরনের ঘটনা প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশি টহল বাড়ানো হবে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হবে।

রাজধানী শীর্ষ সংবাদ