তরুণ পেশাজীবীদের নেতৃত্ব ও দায়িত্ববোধ বৃদ্ধিতে ফোরাম অব ইয়ং প্রফেশনালসের সংলাপ ও ইফতার মাহফিল

তরুণ পেশাজীবীদের নেতৃত্ব ও দায়িত্ববোধ বৃদ্ধিতে ফোরাম অব ইয়ং প্রফেশনালসের সংলাপ ও ইফতার মাহফিল

জাতীয় ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণ পেশাজীবীরাই মূল শক্তি। দেশের টেকসই জাতীয় উন্নয়নের জন্য তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও সম্মিলিত দায়িত্ববোধ থাকা অপরিহার্য।

সোমবার (২ মার্চ) রাজধানীর সিক্স সিজনস হোটেলে ‘ফোরাম অব ইয়ং প্রফেশনালস’ (এফওয়াইপি) আয়োজিত ‘নেতৃত্ব সংলাপ ও ইফতার মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট পেশাজীবী ও ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘আর্থিক সচেতনতা এবং উদ্যোক্তা মনোভাবই একজন পেশাজীবীকে সফল করতে পারে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক ক্ষমতায়নে তরুণদের পেশাগত সততার সঙ্গে কাজ করতে হবে।’

ফোরাম অব ইয়ং প্রফেশনালসের উপদেষ্টা রাশেদ উল হক সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি সংগঠনের দীর্ঘ যাত্রা, সাম্প্রতিক অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, নেতৃত্ব বিকাশ এবং পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখতে এফওয়াইপি প্রতিশ্রুতিবদ্ধ।

সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্যদের সম্মাননা প্রদান। সদস্যদের সংগঠনের প্রতি নিষ্ঠা, অসামান্য অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ স্মারক প্রদান করা হয়। সম্মানিত সদস্যরা নেতৃত্বগুণ ও স্বেচ্ছাসেবীমূলক কাজের মাধ্যমে সমাজে উদাহরণ তৈরি করেছেন।

ইফতারের পূর্বে আয়োজিত নেতৃত্ব সংলাপে তরুণ পেশাজীবীদের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা সমসাময়িক প্রেক্ষাপটে তরুণদের পেশাগত ও ব্যক্তিগত বিকাশের পথনির্দেশনা প্রদান করেন। সম্মিলিত ইফতারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করে।

ফোরাম অব ইয়ং প্রফেশনালস (এফওয়াইপি) একটি সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে উদীয়মান নেতা ও পেশাজীবীদের ক্ষমতায়ন এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ