জাতীয় ডেস্ক
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’ শুক্রবার দেশজুড়ে তরুণদের সক্রিয় ও দায়বদ্ধ রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে। প্ল্যাটফর্মটির নেতৃত্বে রয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অল্টারনেটিভস’ এর মূল উদ্দেশ্য দেশের তরুণ প্রজন্মকে রাজনীতিতে সক্রিয় করা, জুলাই মাসের ছাত্র-জনতার স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্বশীল, অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য পূরণের জন্য প্ল্যাটফর্মটি সারা দেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ‘ন্যাশনাল অর্গানাইজিং কমিটি’ গঠন করেছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কমিটির সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। এছাড়া জুলাই মাসের শহীদ পরিবার, আহত আন্দোলনকারীদের এবং নীরবে থাকা সক্রিয় সমাজকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি প্ল্যাটফর্মটির কার্যক্রম বিস্তৃত করবেন।
অল্টারনেটিভসের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে গঠিত ন্যাশনাল অর্গানাইজিং কমিটি আগামী দিনে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক সংলাপ ও কর্মসূচির মাধ্যমে ছাত্র, শ্রমিক, কৃষক এবং সাধারণ জনগণকে সংগঠিত করবেন।
মাহফুজ আলম গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে পদত্যাগের ঘোষণা দেন। এরপর ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে আলোচনা থাকলেও তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে দেখা যাননি। জুলাই মাসের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন মাহফুজ। নির্বাচনের প্রায় এক মাস পর ‘অল্টারনেটিভস’ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি রাজনীতির মাঠে ফের সক্রিয় হয়েছেন।
এছাড়া, তাজনূভা জাবীন এনসিপি থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের প্রেক্ষাপটে তিনি জানিয়েছিলেন, দলীয় জোটের গঠন প্রক্রিয়ায় তার বিশ্বাসহীনতা এবং অনাস্থা প্রধান কারণ হিসেবে ভূমিকা রেখেছে। তার পদত্যাগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে নতুন নেতৃত্ব কেন্দ্রিক কার্যক্রমের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
নতুন এই প্ল্যাটফর্ম দেশের তরুণ প্রজন্মকে সক্রিয় রাজনৈতিক ভূমিকা গ্রহণের সুযোগ প্রদান এবং দায়িত্বশীল নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ন ভূমিকা রাখার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ নেতৃত্বের এই ধরনের উদ্যোগ সামনের দিনে দেশব্যাপী রাজনৈতিক সংস্কৃতিতে প্রভাব ফেলতে পারে।


