শিক্ষা ডেস্ক
দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আজ সোমবার (৯ মার্চ) থেকে ঈদুল ফিতরের ছুটির জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয় পর্যায়ে অত্যন্ত জরুরি। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এবং পবিত্র রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দিনের বেলায় যথেষ্ট প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার এড়িয়ে চলতে হবে এবং জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। বিদ্যমান আলো ব্যবহারের ক্ষেত্রে অর্ধেক আলোর ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে।
অফিসের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রয়োজন ছাড়া ব্যবহার না করারও নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে বলা হয়েছে। অফিস সময় শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার এবং এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়িয়ে চলা এবং গাড়ির ব্যবহার সীমিত রাখার ওপরও গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দায়িত্বশীল ব্যবহার প্রচলিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যেই এই নির্দেশনার প্রেক্ষিতে ছুটি পালন এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে সরাসরি জানানো হবে।


