রাজশাহী ডেস্ক
রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৫ সোমবার বিকেলে ১৩ মামলার দুই আসামি ও অপরাধ জগতের মূলহোতা মিলন (৩৫)কে গ্রেপ্তার করেছে। মিলনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা এবং পুলিশের ওপর হামলার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
র্যাব-৫ থেকে মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহমখদুম থানাধীন এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে মিলন অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
মিলন দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে থাকা ১৩টি মামলা বিভিন্ন থানায় দায়ের রয়েছে। এর মধ্যে চলতি বছরের ৪ মার্চ রাজপাড়া থানায় একটি এবং ১৮ ফেব্রুয়ারি শাহমখদুম থানায় চুরি ও মারধরের মামলা রয়েছে।
তানোর থানা, কাশিয়াডাঙ্গা, বোয়ালিয়া ও রাজপাড়া থানায় ২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দায়ের হওয়া ডাকাতি (ধারা ৩৯২), চুরি (ধারা ৩৮০) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা মিলনের বিরুদ্ধে আছে। এছাড়া, পুলিশের ওপর হামলার মতো গুরুতর অপরাধেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন স্বীকার করেছে যে, সে একটি বড় অপরাধী চক্রের মূলহোতা হিসেবে কাজ করত এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে আসছিল। র্যাব-৫ এর পক্ষ থেকে বলা হয়েছে, জনমনে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারের পর আইন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করে মিলনকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।


