খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকে গুলি করে হত্যা

 

সারাদেশ ডেস্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নীতি দত্ত চাকমা (৪৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নীতি দত্ত চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা এবং মৃত বর্ণনাতীত চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুতাকর্মপাড়ার একটি দোকানে অবস্থান করছিলেন নীতি দত্ত চাকমা। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন সশস্ত্র ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি চালায়। হামলার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই নীতি দত্ত চাকমার মৃত্যু হয়েছে। তার শরীরে গুলির আঘাত ছিল এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে বলে তিনি জানান।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলেও পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

ঘটনার পর সংগঠনটির পক্ষ থেকে ভিন্নমুখী প্রতিক্রিয়া পাওয়া গেছে। ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা এ হত্যাকাণ্ডের জন্য প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেছেন। অন্যদিকে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ মারমা এ অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মেলাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

পাহাড়ি অঞ্চলে বিভিন্ন সংগঠনের মধ্যে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতীতে সহিংসতার ঘটনা ঘটেছে। সর্বশেষ এ হত্যাকাণ্ড সেই পরিস্থিতিকে নতুন করে উদ্বেগের মধ্যে ফেলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষ সংবাদ সারাদেশ