জেরিন খানের মা পরভীন খান ইন্তেকাল করেছেন

জেরিন খানের মা পরভীন খান ইন্তেকাল করেছেন

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী জেরিন খানের মা পরভীন খান দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (৮ এপ্রিল) সকালেই ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন।

জানা গেছে, সকাল ১০টায় মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে অনুষ্ঠিত জানাজার পর পরভীন খানকে ভারসোভা মুসলিম কবরস্থানে দাফন করা হয়। এর আগে জেরিন জানিয়েছিলেন, তার মা প্রায়ই অসুস্থ থাকতেন এবং তার যত্ন নেওয়ার কারণে কাজ থেকেও বিরতি নিতে হয়েছে।

অভিনেত্রী কিছুদিন আগে সামাজিক মাধ্যমে লিখেছিলেন, মায়ের ওপর তার সম্পূর্ণ নির্ভরশীলতা রয়েছে এবং মাকে ছাড়া চলতে অসুবিধা হয়। মায়ের সুস্থতার জন্য তিনি সকলের কাছে প্রার্থনার অনুরোধও জানিয়েছিলেন।

জেরিন খানের কেরিয়ার শুরু হয় সালমান খানের হাত ধরে। যদিও তিনি বড়পর্দায় স্বতন্ত্রভাবে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি, তবুও বিভিন্ন কারণে আলোচনায় থাকেন।

এক সাক্ষাৎকারে জেরিন খান জানিয়েছিলেন, ছোটবেলায় তার বাবা হঠাৎ করেই পরিবার ছেড়ে চলে যান। তখন তিনি মা ও বোনকে নিয়ে কঠিন সময় পার করেন। সংসারের দায়িত্ব সামলাতে প্রথমে ‘কল সেন্টার’-এ কাজ করতেন। পরে পরিবারের জন্য ভালো জীবন নিশ্চিত করতে তিনি অভিনয় ক্ষেত্রে পা রাখেন।

পরভীন খানের ইন্তেকাল নেন জেরিন খান এবং তার পরিবার এখন শোকস্তব্ধ।

বিনোদন শীর্ষ সংবাদ