প্রধানমন্ত্রীর শিক্ষা উন্নয়ন পরিকল্পনা: মিড ডে মিল ও টেকনিক্যাল স্কুল সম্প্রসারণ

প্রধানমন্ত্রীর শিক্ষা উন্নয়ন পরিকল্পনা: মিড ডে মিল ও টেকনিক্যাল স্কুল সম্প্রসারণ

 

শিক্ষা ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের সব উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ধাপে ধাপে স্কুল ফিডিং বা মিড ডে মিল কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনের সকালের সেশন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ডিজিটাল বৈষম্য হ্রাসের জন্য ১,৫০০টি প্রতিষ্ঠান—মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়—ফ্রি ওয়াই-ফাই সংযোগ সুবিধা পাবে। এছাড়া প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ প্রদান করা হবে। নির্বাচনি ইশতেহারে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি সবার জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রী লিখিত প্রশ্নের জবাবে জানান, দেশে ধাপে ধাপে সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে। কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২,৩৩৬টি কারিগরি প্রতিষ্ঠান ও ৮,২৩২টি মাদরাসায় ফ্রি ওয়াই-ফাই সংযোগ চালু করা হবে। মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হবে।

আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আগামী ছয় মাসের মধ্যে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেবে। এর মধ্যে থাকছে অ্যাগ্রিকালচার ইনটেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ও ডিজাইন (ফ্লাটার ব্যবহার), পাইথন প্রোগ্রামিং এবং ওয়েবভিত্তিক ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান।

এই উদ্যোগগুলোর মাধ্যমে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের পুষ্টি ও শিক্ষার মান উন্নয়ন করা, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা আধুনিকায়নের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানের সাথে সঙ্গতিপূর্ণ করা লক্ষ্য রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রে এই পদক্ষেপগুলো শিক্ষার্থীদের সার্বিক বিকাশের পাশাপাশি দেশের প্রযুক্তি ও দক্ষ জনশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় শীর্ষ সংবাদ