বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ

জাতীয় ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

শেরপুর-৩ আসনের ভোট পূর্বে স্থগিত করা হয়েছিল। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সময় ওই আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ার কারণে নির্বাচন কমিশন (ইসি) ভোট গ্রহণ বন্ধ করে দেয়। পরে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করা হয়।

বগুড়া-৬ আসন:
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মো. আল-আমিন তালুকদার।

এই আসনে ১৫০টি ভোটকেন্দ্রের ৮৩৫টি ভোটকক্ষে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর ২৫০ জন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে, বিজিবির ৮ প্লাটুন (১৮৯ জন), র‌্যাবের ১০টি টিম (৭০ জন), পুলিশের ১ হাজার ৩২৭ জন এবং আনসার ভিডিপির ১ হাজার ৯৯০ জন সদস্য দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে নির্বাচিত হন। তবে একই সময়ে দুটি আসনের সদস্য থাকা যায় না, ফলে তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরবর্তীতে ইসি আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

শেরপুর-৩ আসন:
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান।

এই আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর ১৪০ জন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে, বিজিবির ১৬ প্লাটুন (৩২৮ জন), র‌্যাবের ১৪টি টিম (১৩৫ জন), পুলিশের ১ হাজার ১৫৫ জন এবং আনসার ভিডিপির ১ হাজার ৭০৪ জন সদস্য দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

ভোটগ্রহণের পাশাপাশি উভয় আসনে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে, যাতে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটপ্রক্রিয়া সম্পন্ন হয়।

জাতীয় শীর্ষ সংবাদ