রাজনীতি ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, যেখানে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। তিনি স্বামী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
রাফিয়া সুলতানা রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষাক্ষেত্রের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০১৯ সালে রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী হন। এছাড়া তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
শিক্ষাজীবনের পর তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পাশাপাশি গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাফিয়া সুলতানা রাফির মৃত্যুতে এনসিপি ও সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রীয় ও জেলা নেতারা গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তার জানাজা আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে অনুষ্ঠিত হবে। একই দিন বগুড়া জেলা এনসিপির কার্যালয়ে বাদ এশা তার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হবে।


