জাতীয় ডেস্ক
গণপরিবহনে ভাড়া সংক্রান্ত যাত্রী বিভ্রান্তি কমানোর লক্ষ্যে সরকার শিগগিরই নতুন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়ার তালিকা নির্ধারণের পাশাপাশি তা বাস ও মিনিবাসের ভেতরে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের দেখানোর ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী জানান, নতুন ব্যবস্থার ফলে যাত্রীরা সরাসরি গণপরিবহনের ভেতরে বসেই নির্ধারিত ভাড়া দেখতে সক্ষম হবেন। এটি অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠনের বিধান রয়েছে। এসব কমিটি সংশ্লিষ্ট এলাকার সড়কের ধারণক্ষমতা বিবেচনায় পরিবহনযানের সংখ্যা নির্ধারণ করে এবং রুট পারমিট অনুমোদন প্রদান করে থাকে।
মন্ত্রী ব্যাখ্যা করেন, একই আইনের ধারা অনুযায়ী সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে গণপরিবহনের ভাড়া হার ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। পুনর্নির্ধারিত ভাড়া অনুযায়ী বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) তাদের ওয়েবসাইটে ভাড়ার তালিকা প্রকাশ করে এবং গণপরিবহনের দৃশ্যমান স্থানে তা প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট মালিক বা প্রতিষ্ঠানের প্রতি নির্দেশনা প্রদান করে।
বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের জন্য ভাড়ার তালিকা ইতোমধ্যেই বিদ্যমান। মন্ত্রী জানান, শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে এবং তা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের জন্য সহজে দৃশ্যমান করার ব্যবস্থা নেওয়া হবে। নতুন এই উদ্যোগের ফলে ভ্রমণকারীদের জন্য ভাড়া সম্পর্কিত তথ্য সরাসরি এবং স্বচ্ছভাবে প্রাপ্ত হবে, যা গণপরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি এবং অনিয়ম রোধে সহায়ক হিসেবে কাজ করবে।


