প্রধানমন্ত্রীর বগুড়া সফর ২০ এপ্রিল, উদ্বোধন হবে একাধিক উন্নয়ন প্রকল্প

প্রধানমন্ত্রীর বগুড়া সফর ২০ এপ্রিল, উদ্বোধন হবে একাধিক উন্নয়ন প্রকল্প

জাতীয় ডেস্ক

আগামী সোমবার (২০ এপ্রিল) বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি বগুড়া সিটি করপোরেশনসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, ওইদিন সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতারা স্বাগত জানাবেন।

পরে সকাল পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এই কার্যক্রম চালু হলে আদালত ব্যবস্থায় ডিজিটাল সেবা সম্প্রসারণ পাবে এবং জামিন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বেলা ১১টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন। দীর্ঘদিনের প্রত্যাশিত এ সিটি করপোরেশন গঠনের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হবে এবং নাগরিক সেবার মান উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এ কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। একই অনুষ্ঠানে বাঘবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করা হবে। খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

দুপুরের পর প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন। এ সময় তিনি হাসপাতালের সেবার মান ও অবকাঠামোগত অবস্থা সম্পর্কে খোঁজখবর নেবেন। পরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা পরিদর্শন করবেন এবং সেখানে কিছু সময় অতিবাহিত করবেন।

বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও সংক্ষিপ্ত বিরতির পর বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বগুড়া জেলায় প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরটি একটি পূর্ণাঙ্গ সরকারি কর্মসূচি হিসেবে বাস্তবায়িত হবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সফরে তার সঙ্গে থাকবেন।

এই সফরের মাধ্যমে বগুড়া অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের আধুনিকায়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিস্তারে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

জাতীয় শীর্ষ সংবাদ