মুরাদনগরে ১৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুরু

মুরাদনগরে ১৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুরু

সারাদেশ ডেস্ক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় উফসী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ২২টি ইউনিয়নের মোট ১৬ হাজার ২০০ জন কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, কৃষকরা দেশের খাদ্য উৎপাদনের মূল ভিত্তি এবং তাদের উৎপাদিত শস্যের ওপরই দেশের খাদ্য নিরাপত্তা নির্ভর করে। তিনি আরও উল্লেখ করেন, কৃষকরা যদি উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন, তবে দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। এ কারণে সরকার কৃষকদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।

মন্ত্রী তাঁর বক্তব্যে জানান, কৃষকদের আর্থিক চাপ কমাতে নির্দিষ্ট পর্যায়ে ঋণের সুদ মওকুফ করা হয়েছে। পাশাপাশি চাষাবাদের সুবিধার্থে খাল খনন প্রকল্প গ্রহণ করা হয়েছে। কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে কৃষক কার্ড চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু এবং কৃষক প্রতিনিধি হেদায়েত হোসেন। বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচি মাঠপর্যায়ে কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে ভূমিকা রাখছে। তাঁরা প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণের যথাযথ বিতরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর উফসী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মোট ১৬ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস, আবাদ সম্প্রসারণ এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় কৃষকদের মতে, এ ধরনের সরকারি সহায়তা নিয়মিতভাবে পাওয়া গেলে চাষাবাদের আগ্রহ বাড়ে এবং উৎপাদন খরচ কমে আসে। তবে তারা সময়মতো উপকরণ বিতরণ এবং মাঠপর্যায়ে পর্যাপ্ত নজরদারি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।

কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, আউশ মৌসুমে প্রণোদনা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হলে ধান উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে এবং খাদ্য নিরাপত্তা জোরদার হবে।

জাতীয় শীর্ষ সংবাদ