গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় দেশের মানুষের অবদান বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত: স্পিকার হাফিজ উদ্দিন

গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় দেশের মানুষের অবদান বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত: স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় ডেস্ক

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, দীর্ঘ প্রতিকূলতার পর দেশে বর্তমানে একটি স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক সুসংহত হয়েছে এবং সরকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও জন-আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর।

শনিবার ভোলা সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনৈতিক বা সামরিক শক্তির বিচারে বাংলাদেশ ছোট মনে হলেও, গণতান্ত্রিক অগ্রযাত্রার মাধ্যমে এ দেশ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। দেশে দলমত নির্বিশেষে সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কেবল রাজনৈতিক ভিন্নমতের কারণে কোনো নাগরিক যেন হেনস্তার শিকার না হয়, সেটি বর্তমান ব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য। ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনকে গণতন্ত্র ও অধিকার আদায়ের একটি অবিস্মরণীয় ঘটনা হিসেবে অভিহিত করেন তিনি।

জনগণের রাজনৈতিক সচেতনতার প্রশংসা করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ স্বৈরাচারী শাসনকে কখনোই প্রশ্রয় দেয় না। দীর্ঘ ১৮ বছরের নানা অত্যাচার, নিপীড়ন, গুম ও খুনের বিভীষিকা উপেক্ষা করে জনগণ দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই অর্জন জাতীয় গৌরবের বিষয় এবং এটি বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

রাষ্ট্রীয় সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন যে, জনমতের প্রতিফলন ঘটিয়ে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণই এখনকার মূল চ্যালেঞ্জ। নাগরিক অধিকার সুরক্ষা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করে একটি জবাবদিহিমূলক শাসনব্যবস্থা কায়েম করতে সংসদ ও সরকার একযোগে কাজ করে যাচ্ছে। স্থানীয় পর্যায়ের উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও তিনি সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা ভোলাবাসী’র আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, ভোলার জেলা প্রশাসক ড. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত সভায় অংশগ্রহণ করেন।

বক্তব্য শেষে স্পিকার স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা ও তা নিরসনে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনকল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জাতীয় শীর্ষ সংবাদ