শরীফ ওসমান হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ মে

শরীফ ওসমান হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ মে

আইন আদালত ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছেন আদালত। রোববার (১৯ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন থাকলেও তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন এই তারিখ নির্ধারণ করেন।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তের পর মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেছিলেন। অভিযুক্তদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং ৬ জন পলাতক। তবে ডিবি কর্তৃক দাখিলকৃত এই চার্জশিটে মামলার বাদী পক্ষ সুনির্দিষ্ট অসন্তোষ প্রকাশ করেন। তদন্তে ত্রুটি ও প্রকৃত অপরাধীদের আড়াল করার অভিযোগ তুলে গত ১৫ জানুয়ারি আদালতে ‘নারাজি’ আবেদন দাখিল করা হয়। আদালত বাদীর আবেদন আমলে নিয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ প্রদান করেন।

আইনজীবীদের মতে, চাঞ্চল্যকর এই রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতেই অধিকতর তদন্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সিআইডির তদন্তে কোনো নতুন তথ্য বা নতুন কোনো আসামির সম্পৃক্ততা উঠে আসে কি না, এখন সেটিই দেখার বিষয়। আগামী ৫ মে সিআইডিকে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে পেশ করতে হবে, যার ওপর ভিত্তি করে মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে। আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত সম্পন্ন করা বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য অপরিহার্য। মামলার বাদী পক্ষ আশা করছেন, সিআইডির তদন্তে ঘটনার প্রকৃত চিত্র ফুটে উঠবে এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।

আইন আদালত শীর্ষ সংবাদ